
আজ, ২৪ মার্চ ২০২৬ (মঙ্গলবার), সিলেটের তালতলাস্থ KABSA রেস্টুরেন্টে ইনিশিয়েটিভ ফর স্টুডেন্টস (INS)-এর ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী।
ইনস-এর নির্বাহী প্রধান ও ইসলামিক ফাউন্ডেশন, সিলেট বিভাগীয় কার্যালয়ের সম্মানিত পরিচালক ড. সৈয়দ শাহ এমরানের সভাপতিত্বে এবং INS-এর ট্রেজারার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল বাছিতের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের সিনিয়র সাংবাদিক ও গুণীব্যক্তিত্ব জনাব আফতাব চৌধুরী এবং বিসিএস শিক্ষা ক্যাডার ড. মো. মুহিবুর রহমান, সহকারী অধ্যাপক, ইসলামী শিক্ষা ও বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা।
পবিত্র কুরআনুল কারীম তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন INS-এর অর্ডিনেটর মহসিন আহমদ। ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত INS Association-এর সদস্যদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়সমূহের প্রতিনিধি ও INS-এর বিভিন্ন প্রজেক্টের সমন্বয়কবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়া INS Admission Guidelines Group 2025-26-এর গাইডেন্সে ২০২৫-২৬ সেশনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন সম্মানিত অতিথিবৃন্দ।
কর্জে হাসানা প্রজেক্ট দিয়ে শুরু হওয়া সংগঠনটি বর্তমানে বহুবিধ শিক্ষার্থীবান্ধব কার্যক্রম পরিচালনা করছে। এডমিশন ক্যান্ডিডেটদের ফ্রি মেন্টরিং, INS Publications, গবেষণা উইংসহ বিভিন্ন কার্যক্রমের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সদস্যদের গুরুত্বপূর্ণ মতামত এবং অতিথিদের পরামর্শ ও দিকনির্দেশনামূলক আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।